মেলবোর্নের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের ২০টি দেশের ৯০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় তৈরি পোশাক খাতের ৯টি এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিনিধি মেলায় বাংলাদেশের পণ্য ও রপ্তানি সক্ষমতা তুলে ধরছেন।
মেলায় বাংলাদেশের পণ্য প্রদর্শন কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।
‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অস্ট্রেলিয়ার একটি বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতে বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক ও সরবরাহকারীরা অংশ নেন। মেলার মাধ্যমে তারা নতুন ক্রেতা খুঁজে পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ পান। এতে তৈরি পোশাক, জুতা, ফ্যাশন সামগ্রী, বস্ত্র ও গৃহসজ্জার বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে মেলার প্রথম দিনে এ খাতের ওপর একটি সেমিনার আয়োজনের কথা রয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিভিন্ন দেশের ক্রেতা, ব্যবসায়ী, বিপণনকারী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে তাদের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা (বিটুবি) অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা করছেন, এ মেলার মাধ্যমে অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার পাওয়ার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।






