বিনোদন

‘তোমার তো ব্যাটম্যান হয়েছেই, আর কত!’

জেমস বন্ডের চরিত্রে রবার্ট প্যাটিনসন! আপত্তি জানিয়ে যা বললেন জন স্টুয়ার্ট

‘তোমার তো ব্যাটম্যান হয়েছেই, আর কত!’

জেমস বন্ডের চরিত্রে রবার্ট প্যাটিনসনের অভিনয়ের খবর ঘিরে বিশ্বজুড়ে চলছে আলোচনা। এবার এ নিয়ে মজার ছলে আপত্তি জানালেন মার্কিন কমেডিয়ান ও টেলিভিশন উপস্থাপক জন স্টুয়ার্ট।

তার ভাষ্য, ব্যাটম্যানের চরিত্রে অভিনয়ের পর এবার জেমস বন্ডও প্যাটিনসনের হাতে তুলে দেওয়া ঠিক হয়নি। ‘তোমার তো ব্যাটম্যান হয়েছেই, আর কত!’

সোমবার (১৬ নভেম্বর) ‘দ্য ডেইলি শো’-এর নতুন পর্বের শুরুতেই বিষয়টি নিয়ে রসিকতা করেন স্টুয়ার্ট। জেমস বন্ডের চরিত্র পাওয়ার জন্য তিনিও অডিশন দিতে যাচ্ছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু নানা বিড়ম্বনায় শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

নিজের মনোলগে স্টুয়ার্ট বলেন, শুক্রবার রাতে একটি গুরুত্বপূর্ণ অডিশনে অংশ নিতে তার বিমানে ওঠার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে বিলম্ব হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। এরপর মিসিসিপি নদীর স্টিমবোটে যাওয়ার কথা ভাবলেও নিউ অরলিন্সে ক্রুজ জাহাজ দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সেই পরিকল্পনাও ব্যর্থ হওয়ার গল্প শোনান তিনি।

এমনকি অডিশনে দেরি হওয়ার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানকে জানাতে মাইক্রোসফট আউটলুক থেকে ইমেইল পাঠানোর কথাও ভেবেছিলেন। কিন্তু বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ ও আউটলুকের সেবা বিঘ্নিত হওয়ায় সেটিও সম্ভব হয়নি বলে রসিকতা করেন স্টুয়ার্ট। পরে ব্যাংকিং সেবায় বিঘ্নের প্রসঙ্গ টেনে গাড়ি ভাড়া করার সুযোগও পাননি বলে জানান।

সবশেষে স্টুয়ার্ট বলেন, ‘অনেক কথা হলো, শেষ পর্যন্ত তারা চরিত্রটি দিয়ে দিল রবার্ট প্যাটিনসনকে। প্যাটিনসন! তোমার তো ব্যাটম্যান হয়েছেই। আর কত!’

এরপর ব্যাটম্যানের গম্ভীর কণ্ঠস্বর নকল করে জেমস বন্ডের সংলাপ বলার ভঙ্গিতে রসিকতা করেন তিনি, ‘আমি বন্ড। জেমস বন্ড।’

এদিকে প্যাটিনসনের বন্ড হওয়ার খবরে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের পক্ষ থেকে লেখা হয়, ‘মহামান্যের গোপন গোয়েন্দা বিভাগে স্বাগতম, মিস্টার বন্ড।’ জেমস বন্ড সিরিজের স্রষ্টা ইয়ান ফ্লেমিংয়ের সম্পত্তির স্বত্বাধিকারীরাও নতুন বন্ড হিসেবে প্যাটিনসনকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই কিংবদন্তি চরিত্রে নিজের স্বতন্ত্র ছাপ রাখবেন অভিনেতা।

নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করছেন ডেনিস ভিলনভ। ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমার পর আবারও তার সঙ্গে কাজ করতে যাচ্ছেন প্যাটিনসন। চরিত্রটি পাওয়ার পর এক বিবৃতিতে অভিনেতা বলেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমাকে এই সুযোগ দেওয়ায় ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের সবার প্রতি কৃতজ্ঞ। স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই অসাধারণ দলের সঙ্গে কাজ শুরু করতে আর তর সইছে না।’

উল্লেখ্য, এর আগে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রবার্ট প্যাটিনসন। এবার জেমস বন্ড হিসেবে তার নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

বিষয়:জেমস বন্ড ব্রিটিশ রবার্ট প্যাটিনসন রাজ পরিবার হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…