চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো কমিউটার ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে লোকাল ট্রেনের পরিবর্তে কমিউটার ট্রেন চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন এই রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে। এতে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে নতুন এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার। এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় এ রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ১২ টাকা। কমিউটার ট্রেন চালুর পর সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
সাতটি কোচ নিয়ে চলবে ট্রেনটি। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ। সব মিলিয়ে ট্রেনটির যাত্রী ধারণক্ষমতা ৩৩৪ জন। আগে লোকাল ট্রেন হিসেবে চলাচলের সময় এতে পাওয়ার কার না থাকায় ফ্যান ও আলোর ব্যবস্থা ছিল না। নতুন কমিউটার ট্রেনে বিদ্যুতের সুবিধার পাশাপাশি টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
রেলওয়ের সূচি অনুযায়ী, নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন চারবার দুই দিক থেকে যাত্রী পরিবহন করা হবে। সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ফিরতি পথে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।
অন্যদিকে, নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। কৃষিপণ্য উৎপাদন, চা ও রাবার বাগানের জন্য পরিচিত এই অঞ্চলের পাশাপাশি হাটহাজারীর বাসিন্দারাও চট্টগ্রাম শহরে যাতায়াতে রেলপথটি ব্যবহার করেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এ রুটে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।






