বিনোদন

শীর্ষস্থানে উঠতে শেষ লড়াই, মাহির জন্য ঘণ্টায় দরকার ৪ কোটি পয়েন্ট!

শীর্ষস্থানে উঠতে শেষ লড়াই, মাহির জন্য ঘণ্টায় দরকার ৪ কোটি পয়েন্ট!

মিস ইউনিভার্স ২০২৬-এর ফ্যান ভোটে বাংলাদেশকে শীর্ষস্থানে নিতে দেশবাসীর প্রতি শেষ মুহূর্তের আহ্বান জানিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি।

মঙ্গলবার সন্ধ্যায় মিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বাংলাদেশকে প্রথম অবস্থানে নিতে আরও ৩৮ কোটি পয়েন্ট প্রয়োজন। হাতে রয়েছে মাত্র ১১ ঘণ্টা। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় ৪ কোটি পয়েন্ট অর্জন করতে হবে।

পোস্টে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বলা হয়, ‘চলুন, আমরা একসঙ্গে এটি করতে পারি। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’ শেষ মুহূর্ত পর্যন্ত ভোট ও পয়েন্ট সংগ্রহে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পোস্টের শেষে লেখা হয়, ‘চলো বাংলাদেশ।’

মিস ইউনিভার্স ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এখন ফ্যান ভোটে বাংলাদেশকে শীর্ষে তুলতে চলছে শেষ সময়ের লড়াই।

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর আলোঝলমলে মঞ্চে ফাইনালে অংশ নিতে অপেক্ষার প্রহর গুনছেন সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালেকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি দেশের শোবিজ অঙ্গন ও সাধারণ দর্শকদের নজর এখন মাহির দিকে।

শতাধিক দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরেছেন ছোট পর্দার এই পরিচিত মুখ।

গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট মাথায় ওঠার ঠিক পরদিন, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন সামিরা খান মাহি।

সাম্প্রতিক এক ভিডিওবার্তায় মাহি জানান, শারীরিক ক্লান্তি ও জ্বর নিয়েই নিয়মিত মঞ্চে পারফর্ম করতে হচ্ছে তাঁকে। কখনো কখনো দিনে মাত্র দুই ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি। নিজের এই ধকল সামলানোর কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি, কেঁদেও ফেলেন।

দর্শকদের ভোটে একসময় বেশ শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন মাহি। ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটে তৃতীয় স্থানে থাকার তথ্য সামনে আসে। ভোটের হিসাব প্রতিনিয়ত বদলালেও সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এই সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজক সূত্রে জানা গেছে, পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে চূড়ান্ত আসর। বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ নভেম্বর সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।

বিষয়:মিস ইউনিভার্স মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…