রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা শেহবাজ শরিফের, সৌদির পাশে থাকার ঘোষণা

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।
সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের পাশে পাকিস্তান দৃঢ়ভাবে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অব্যাহত থাকবে।






