ভিকির প্রথম সিনেমা ‘খলনায়ক’, নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে একের পর এক মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। সুড়ঙ্গ, তুফান, দাগি, তাণ্ডব ও দম-এর মতো দর্শকনন্দিত ও সাড়া জাগানো সব ব্লকবাস্টার পর এবার তারা বড় ক্যানভাসে নিয়ে আসছে নতুন সিনেমা ‘খলনায়ক’।
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রশংসিত ও জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।
নির্মিতব্য এই সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে।
চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একাধিক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী। রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। এছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অফিশিয়াল ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’।
এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শকচাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।”
খলনায়ক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। ‘খলনায়ক’ সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড় পর্দায় এই সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।”
খলনায়ক চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো কোলাবোরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হবে জানায় এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।





