নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। শনিবার সিরিজের শেষ ম্যাচ গড়াবে মিরপুরে। প্রথম ম্যাচে চোখ জুড়ানো শটে ছক্কা হাঁকিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। সেই শট নিয়ে আলোচনা এখনও থামেনি। শামীম জানালেন, নিজেও জানেন না ওই শটের নাম কী।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর ২টায় গড়াবে তৃতীয় টি-টুয়েন্টি। ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচটির ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মলনে আসেন শামীম। তার কাছে জানতে চাওয়া হয় শট প্রসঙ্গে। উইকেটের পেছনে হাঁকানো ছক্কার নাম না জানার বিষয় তখন অকপটে স্বীকার করলেন বাঁহাতি ব্যাটার।
‘আসলে শটের নামটা আমি জানি না সত্যি বলতে। আর এটা সবসময় অনুশীলন করি নেটের মধ্যে। কারণ যখন ব্যাটিংয়ে নামি একটু ইমপ্রোভাইজিং শট খেলতে পছন্দ করি। আমি এগুলা অনুশীলন করি বেশি।’
আক্রমণাত্মক খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শামীম। বললেন, ‘যখনই ব্যাটিংয়ে যাই একটু ইতিবাচক ভাবনা নিয়ে যাই সবসময়, যেটা মারার বল সেটা মেরে দেব। যদি একটু চালু খেলতে পারি দলের জন্য অনেক ভালো। সবকিছু নিয়েই অনুশীলন করা হচ্ছে। এমন না যে নির্দিষ্ট কোনকিছু। সবকিছু নিয়ে আমাদের অনুশীলনটা করা হয়।’






