৯০ দশকে শাহরুখ খানের লিপে গান মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের গান। কিন্তু অভিজিৎ এবং শাহরুখের মনোমালিন্যের পর ১৭ বছর কেটে গেলেও আজও শাহরুখের লিপে কোন গান শোনা যায়নি অভিজিৎ ভট্টাচার্যের। তবে অভিজিৎ ভট্টাচার্যের গান না থাকায় শাহরুখের কি জনপ্রিয়তা কমে গেছে? কী মনে করছেন গায়ক?
সম্প্রতি শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিজিৎ বলেন, ‘আমার সঙ্গে শাহরুখের মনোমালিন্য হয়েছিল বহুদিন আগে। তবে যেহেতু আমি ওর থেকে কিছুটা বড় তাই আমি আশা করেছিলাম ও আমার কাছ থেকে ক্ষমা চাইবে। আমাকে একবার হলেও ও জড়িয়ে ধরবে। কিন্তু এত বছর কেটে গেলেও তা হয়নি। আমার রাগ হয়নি বরং আমার ভীষণ কষ্ট হয়েছে।’
অভিজিৎ আরও বলেন, ‘শাহরুখের হিট গানের বেশিরভাগ আমার গান। কিন্তু আমি মনে করি ৯০ দশকে শাহরুখের লিপে যে গানগুলি হিট করেছিল এখন আর তেমন গান হিট হয় না। আপনি বলতেই পারেন ‘লুঙ্গি ডান্স’ একটা বিশাল হিট গান। কিন্তু আমি মনে করি এটি কোন গানই নয়। তবে শুধু আমি নয়, শাহরুখের হিট গানের মধ্যে অনেকগুলি উদিত নারায়ন এবং কুমার শানুও গেয়েছেন। এখন শাহরুখের লিপে আর কোন গান হিট হয় না। মানুষের মন ছুঁতে পারে না সেই গানগুলি।’
আন্তর্জাতিক সংগীত শিল্পী ডুয়া লিপা যখন বাদশা সিনেমার ‘ওহ লাড়কি জো সবসে আলাগ হে’ গানটি গেয়েছিলেন তখন তিনি কোথা সংগীত শিল্পী বা সুরকারের নাম উচ্চারণ করেননি। শাহরুখের মেয়ে সুহানাও যখন সংগীত শিল্পীর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখন বাবার নাম উল্লেখ করলেও সঙ্গীতশিল্পীর নাম তিনি উল্লেখ করেননি। এরপরই তৈরি হয় বিতর্ক।- হিন্দুস্থান টাইমস










