হোয়াইট হাউসের কাছে এক অপ্রীতিকর ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিস এক অস্ত্রধারীকে ব্যক্তিকে গুলি করেছে। এ ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে অবস্থান করছিলেন।
ইউপিআই জানিয়েছে, সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেন, ৯ মার্চ মধ্যরাতের ঠিক পরেই হোয়াইট হাউসের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের উত্তর-পশ্চিমে অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, শনিবার ইন্ডিয়ানার স্থানীয় পুলিশ বিভাগ থেকে সিক্রেট সার্ভিসকে জানানো হয়েছিল যে আত্মহত্যার কথা ভাবছেন এমন একজন ব্যক্তি ফেডারেল জেলায় ভ্রমণ করেছেন।
ঘটনাস্থলে ওই ব্যক্তির গাড়ি হোয়াইট হাউসের পশ্চিম ঘেরের চৌরাস্তার কাছে পার্ক করা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রায় এক ব্লক উত্তরে পায়ে হেঁটে যাওয়ার সময় দেখা যায়। গুগলিয়েলমি বলেন, অফিসাররা এগিয়ে যাওয়ার সময় ব্যক্তিটি আগ্নেয়াস্ত্র তাক করে এবং সশস্ত্র সংঘর্ষ শুরু হয়, যার সময় আমাদের কর্মীরা গুলি চালায়। তিনি আরও জানান, এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মী আহত হননি।
ওয়াশিংটন, ডি.সি.-এর মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তবে ওয়াশিংটনে ভ্রমণের জন্য ওই ব্যক্তির উদ্দেশ্য বা পরিকল্পনা সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।







