৫ দিনেই চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদ হারিয়েছেন কেটি জাকারিয়া।
শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সংবাদ সম্মেলন ও বিভিন্ন সাক্ষাৎকারে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েন জাকারিয়া। এর পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, জাকারিয়াকে তিনি নিজেই পদে থাকা নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছিলেন।
হোয়াইট হাউস থেকে সাপ্তাহিক ছুটিতে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, আমার মনে হয় তুমি ভালো থাকলেই ভালো। তবে এই কাজ করতে গিয়ে তুমি কখনো সুখী হতে পারবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। এই কাজের কিছুই সহজ নয়।’
ট্রাম্প আরও বলেন, তিনি জাকারিয়াকে বিষয়টি নিয়ে ভাবতে এবং প্রয়োজনে পদ ছাড়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন। পরে এ বিষয়ে আবারও তার সঙ্গে কথা বলার পরিকল্পনা ছিল বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। তিনি জানান, গত ৭ অক্টোবর প্রেস সেক্রেটারি পদে নিয়োগের বিষয়ে তাকে ফোন করা হয়েছিল। এর আগে তিনি কারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হন।
তবে দায়িত্ব নেওয়ার পরপরই তার আইন পেশায় অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্পও তাকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বুধবার এক বিবৃতিতে জাকারিয়া দাবি করেন, তিনি আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত আইন নিয়ে কাজ করেছেন এবং এ ক্ষেত্রে তার প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে।
তবে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ওয়াশিংটন ডিসিতে আইনজীবী হিসেবে তার নিবন্ধন বা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদের কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে কাজ করতে হলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।
এদিকে, ট্রাম্পের প্রশাসনের অর্জনগুলো তুলে ধরতে এবং গণমাধ্যমে সরকারের ইতিবাচক উপস্থিতি নিশ্চিত করতে নতুন মুখপাত্র নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি। তবে জাকারিয়ার দ্রুত বিদায়ের ফলে গুরুত্বপূর্ণ এই পদে আবারও শূন্যতা তৈরি হলো।
শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়ে তিনি তাড়াহুড়ো করছেন না।
জাকারিয়ার এই আকস্মিক বিদায়ের মধ্য দিয়ে হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা প্রেস সেক্রেটারি হওয়ার নজির তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিন হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যান্থনি স্কারামুচি। জাকারিয়ার বিদায়ের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি কোনো আনন্দ পাই না।”





