তিন ম্যাচের ওয়ানডের সিরিজে দ্বিতীয়টিতে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এক ম্যাচ হাতে রেখে ২-০তে সিরিজ জিতে নিয়েছে কালাম সিদ্দিকী আলীনের দল। আগের ম্যাচের মতো ৫ উইকেট শিকার করেছেন শেখ পাভেজ জীবন। রানতাড়ায় নেমে প্রথমদিকে বেগ পেতে হলেও শেষে দেবাশিষ সরকার দেবা এবং আহরার আমিনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্স মাঠে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় মালয়েশিয়া। ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারী দল। রানতাড়ায় ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ফেলে স্বাগতিকরা।
ব্যাটে নেমে বেশ ভালো শুরু করে মালয়েশিয়া। ওপেনার আসলাম খান বিন মালিক ১০ চার এবং ৪ ছয়ে ১০৭ বলে করেন ১০০ রান। আরেক ওপেনার সাইফ উল্লাহ মালিক করেন ২৫, আজব খান ১৭ রান করেন। আর কেউ দুঅঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
বাংলদেশের হয়ে পাভেজ জীবন ৮ ওভারে ২৩ রান খরচায় ২ মেডেনে ৫ উইকেট তুলে নেন। আগের ম্যাচেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া রাহিন আহমেদ এবং স্বাধীন ইসলাম ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার আদিল বিন সিদ্দিক রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ইকবাল হোসেন করেন ২৬ রান। এরপর ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের, আসা-যাওয়ার মধ্যে থাকে মিডেলঅর্ডার।
সেখানে থেকে হাল ধরেন দেবাশিষ ও আহরার, তাদের ফিফটিতে ভর করে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। দেবাশিষ ৪১ বলে ৫৮ এবং আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করেন।
মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি এবং প্রশান্ত মধুকর ২টি করে উইকেট নেন। সাঈদ আজিজ, আরিফ উল্লাহ এবং বিশ্বরুবেন ১টি করে উইকেট নেন।








