আন্তর্জাতিক

ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদি আরবের তেল উৎপাদন

ইরান যুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে সৌদি আরবের তেল উৎপাদন

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের পর আবারও তেল উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব। গত অক্টোবর মাসে দেশটির অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে সৌদি আরবের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেলে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশটির দৈনিক উৎপাদন বেড়েছে ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির এ পরিসংখ্যান বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর আগমুহূর্তে দেশটির দৈনিক তেল উৎপাদন ছিল ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল। এরপর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ওপেকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি ওপেক প্লাসের (OPEC+) অন্যান্য সদস্যদেশও অক্টোবর মাসে তেল উৎপাদন বাড়িয়েছে। এ মাসে জোটটির মোট দৈনিক উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেলে। সেপ্টেম্বরে উৎপাদনের পরিমাণ এর চেয়ে ২০ লাখ ৪০ হাজার ব্যারেল কম ছিল।

ওপেকের প্রতিবেদনে উৎপাদনের এ হিসাব করা হয়েছে সংস্থাটির দ্বিতীয় পর্যায়ের উৎস বা সেকেন্ডারি সোর্সের তথ্যের ভিত্তিতে। বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সমন্বয়ে গঠিত ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ।

বিষয়:ইরান যুদ্ধ তেল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…