সৌদি আরবে ‘সন্ত্রাসবাদে’ দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে একটি মানবাধিকার সংস্থার দাবি, তাদের একজন কথিত অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’ এর বরাতে এ তথ্য জানা যায়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ফাদেল আল-সাফওয়ানি ও জাওয়াদ কুরেইরিস। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়াসহ বেশ কয়েকটি অপরাধে তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
দুজনই সৌদি নাগরিক। দেশটির সুপ্রিম কোর্টে তাদের আপিল খারিজ হওয়ার পর পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রিভের দাবি, ২০২০ সালের ডিসেম্বরে বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে জাওয়াদ কুরেইরিসকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
সংস্থাটির আরও দাবি, নির্যাতনের মাধ্যমে কুরেইরিসের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছে রিপ্রিভ।
সংস্থাটি জানায়, ২০১১ সালের বিক্ষোভে সৌদি নিরাপত্তা বাহিনীর হাতে কুরেইরিসের বড় ভাই নিহত হন। তার আরও দুই ভাই দীর্ঘমেয়াদি কারাদণ্ড ভোগ করছেন।
রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিল, এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁরা সবাই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া পরিবারের সদস্য ছিলেন। ২০১১ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
সুন্নিপ্রধান সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বসবাস পূর্বাঞ্চলীয় এই তেলসমৃদ্ধ প্রদেশে।
গত মাসেও ওই প্রদেশে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে আরও পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় সৌদি আরব। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, তাদের একজন ১৪ বছর বয়সে সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেন, মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবে ভিন্নমতের শাস্তি মৃত্যুদণ্ড। গত দুই বছরে দেখা গেছে, এই শাস্তি শিশুদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।
এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সৌদি আরবে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলের বাসিন্দা। ২০২৫ সালে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ৪০ জনের।
চলতি বছর এ পর্যন্ত দেশটিতে মোট ২১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ১০০ জন সৌদি নাগরিক। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত ১২৬ জনেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের ৯০ জনই বিদেশি নাগরিক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বে তৃতীয় অবস্থানে ছিল সৌদি আরব। এ ক্ষেত্রে দেশটির আগে রয়েছে চীন ও ইরান।
সৌদি সরকার দাবি করে, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজন। দেশটির ভাষ্য, আপিলের সব সুযোগ শেষ হওয়ার পরই কেবল এই শাস্তি কার্যকর করা হয়।





