টানা তৃতীয়বারের মত সাম্বা গোল্ড ট্রফি জিতলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত বছরের পারফরম্যান্স বিবেচনায় “সাম্বা ডি’অর” খ্যাত পুরস্কারটি ষষ্ঠবারের মত নিজের করে নিলেন পিএসজি ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার নিজেই।
সোমবার রাতে টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন সেলেসাও তারকা। দেখা যায়, একটিতে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন, অন্য ছবিতে ট্রফিতে চুমু দিচ্ছেন। ফুটবল আকৃতির সোনালি ট্রফিটির গায়ে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’। ক্যাপশনে লিখেছেন, ‘ষষ্ঠবার’।
প্রতিবছর ইউরোপে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের পুরস্কারটি দিয়ে থাকে দেশটির গণমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে চালু হওয়া পুরস্কারটিতে সেরা নির্বাচন করা হয় সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে।

এবছর সাম্বা গোল্ড ট্রফির জন্য মনোনয়ন পেয়েছিলেন ৩০ ফুটবলার। তালিকায় সর্বোচ্চ ১২ জন ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। লা লিগা থেকে জায়গা পেয়েছেন চার ফুটবলার-ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো ও এডের মিলিতাও।
২০০৮ সালে প্রথম ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতেছিলেন সাবেক মিডফিল্ডার ও এসি মিলান কিংবদন্তি কাকা। সব মিলিয়ে আট ফুটবলার জিতেছেন পুরস্কারটি। কাকা, ফ্যাবিয়ানো, মাইকন, ফিলিপ কৌতিনহো, রবার্তো ফিরমিনো ও অ্যালিসন বেকার পুরস্কারটি জিতেছেন একবার করে। তিনবার জিতেছেন ডিফেন্ডার থিয়েগো সিলভা। সর্বোচ্চ ছয়বার জিতেছেন নেইমার (২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২)।








