দীর্ঘ ১৩ বছর পর শনিবার (১৩ মে) কলকাতা শহরে পা রেখেছেন সালমান খান। এদিন ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ শো উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ মাতালেন অভিনেতা। যার সাক্ষী হলো কলকাতাবাসী।
এদিন মঞ্চে ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন সালমান। তার পরনে ছিল কালো ফুল স্লিভস টি-শার্ট আর বাদামি জ্যাকেট সঙ্গে জিনস। ঝুলন্ত দোলনায় উপর থেকে স্টেজে নেমে আসেন বলিউড সুপারস্টার। ততক্ষণে ইস্টবেঙ্গল ক্লাব চত্বর ভরে ওঠে ‘সালমান’ রবে।
সালমানের সঙ্গে কোমর দুলিয়ে নেচে উঠেন ভক্তরাও। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে ‘হাম আপকে হ্যায় কৌন’-এর আইকনিক গানে নাচেন সালমান।মুগ্ধ হয়ে দেখল ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত ১৬ হাজার দর্শক।
তবে শুধু সালমান নয় সঙ্গে ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহার মতো বলিউড নায়িকারা। যদিও ভাইজানের কারিশমার কাছে বাকি সব ফিকে হয়ে গিয়েছিল।
গেল কয়েক মাস ধরেই একের পর এক প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। কিন্তু সেই সব হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে খোশমেজাজে কলকাতার মঞ্চে পারফর্ম করলেন সালমান। সঙ্গে বললেন, ‘আবার আসবো।’
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা








