বিনোদন

১১ বছর পর সিনেমায় গাইলেন সালমান

১১ বছর পর সিনেমায় গাইলেন সালমান

ভক্তদের চমকে দিতে বরাবরই পছন্দ করেন বলিউড ভাইজান সালমান খান। বুধবার (৪ নভেম্বর) ভোরে হঠাৎ চমকে দিলেন তিনি। সকাল সকাল একেবারে নতুন রূপে হাজির হলেন সালমান।

আচমকাই নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’র একটি গান প্রকাশ্যে আনলেন বলিউডের ভাইজান। গানের নাম ‘তেরি সেক্সি বিউটি’। যার সুর দিয়েছেন সাজিদ খান এবং গানটি নিজেই গেয়েছেন সালমান।

এর আগে ২০১৪ সালে ‘কিক’ সিনেমার ‘হ্যাংওভার’ এবং ২০১৫ সালে ‘ম্যায় হু হিরো তেরা’ সিনেমার ‘ম্যায় হু হিরো তেরা’ গানটি গেয়েছিলেন সালমান। এবারের গানের দৃশ্যায়নে সালমানের সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এদিন ভোরবেলা গানটি সমাজমাধ্যমে পোস্ট করে নিয়ে মজার ছলেই সালমান লেখেন, “ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দু’পেগ হয়ে গিয়েছে। এবার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!”

এই গান প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকের পক্ষ থেকে। ‘ভাইজান’-এর একনিষ্ঠ ভক্তরা পর্দায় তাকে দেখে মুগ্ধ। এমনকি, আবারও সালমান গেয়েছেন বলেও তারা উচ্ছ্বসিত। যদিও নেটাগরিকের একাংশের পছন্দ হয়নি এই গান।

বিশেষ করে গানের কথা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ‘মাতৃভূমি’ ছবিটি দেশাত্মবোধক বলেই জানা যাচ্ছে। তাই এই ছবিতে গানের ভাষার এমন কেন, প্রশ্ন নেটাগরিকের। এক নেটাগরিক লিখেছেন, “বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে এ সব কী ধরনের কথা! এক জাতীয় বীরের চরিত্রকে কী বানিয়ে দেওয়া হল!”

আর একজন সালমানের ভোররাতের পোস্ট দেখে মজা করে লিখেছেন, “উফ! আপনি এ বার একটু ঘুমের সময়টার দিকেও নজর রাখুন। সব সময়ে মধ্যরাতে অথবা কাকভোরে পোস্ট করেন।”

এই ছবির নাম নিয়ে চলেছে জটিলতা। প্রথমে ছবিটির নাম ঠিক করা হয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। কিন্তু ছাড়পত্র না মেলায় বদল আসে সেই নামে। নাম রাখা হয় ‘মাতৃভূমি’। তাই এক নেটাগরিকের বক্তব্য, “প্রথমে ছবির নাম নিয়ে সমস্যা হল। আর এ বার ছবির গানের ভাষাতেও সমস্যা!” গানের একটি পংক্তি হল, “তেরি সেক্সি বিউটি কা ফ্যান বান গ্যায়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বান গ্যায়া হুঁ।” এই পংক্তিতেই তৈরি হয়েছে আপত্তি।

ছবির মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

বিষয়:‘তেরি সেক্সি বিউটি’ ‘মাতৃভূমি’ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…