বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন ভালোভাবেই এগোচ্ছে। মিশনে গ্রুপপর্ব পেরিয়ে, রাউন্ড অব ৩২-এর পর এবার শেষ ষোলোর লড়াই। যেখানে মেসিদের প্রতিপক্ষ সালাহ-মারমুশদের মিশর। ম্যাচের আগে সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, তার খেলোয়াড়রা পরিস্থিতি সম্পর্কে আগেই অবগত।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘পরিস্থিতি যখন আপনার অনুকূলে থাকে না, তখন জয়ী হওয়ার জন্য কেবল একটি পথই খোলা থাকে না। অদম্য মনোবল, তীব্রতা, সাহসিকতা এবং আমাদের অন্তরের সেই লড়াকু মানসিকতা, এসব কিছুরই সমন্বয় রয়েছে এই দলের মধ্যে।’
‘আমার কাছে দলটা প্রস্তুত আছে, তবে খেলোয়াড়দের এখনও কিছু বলিনি। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, তা তারা কমবেশি আগে থেকেই জানে।’
‘এই ছেলেরা সবসময় বাড়তি দৃঢ়তা, উদ্যম এবং হারতে না চাওয়ার মানসিকতা নিয়ে আসে। এই ম্যাচটা গত ম্যাচের চেয়ে কিছুটা আলাদা হবে। আমরা আমাদের স্বকীয়তা হারাতে পারি না।’
আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার গড়াবে আর্জেন্টিনা ও মিশরের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

