মোহাম্মেদ সালাহর সঙ্গে লিভারপুলের সবশেষ করা ৩ বছরের চুক্তি শেষ হবে আগামী বছরের জুনে। প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থকে এখনও চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রস্তাব পাননি মিশরীয় তারকা। এরমাঝেই আলোচনায় এসেছে ৩২ বর্ষী সালাহকে টানতে চায় ফরাসি ক্লাব পিএসজি।
তারকাখচিত দল ছিল পিএসজি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে একসঙ্গে খেলছেন প্যারিসের দলটিতে। চলতি মৌসুমের শুরুতে এমবাপে প্যারিস ছাড়ায় তারকাশূন্য হয়ে পড়েছে তারা। নতুন তারকার দিকেই চোখ ক্লাবটির।
সংবাদ মাধ্যমে আসছে, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহর এজেন্ট রামি আব্বাসের সঙ্গে। প্রতি সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতন দিতে প্রস্তুত খেলাইফি। ৬ মাস পর ফ্রি এজেন্ট হলে দলে টানতে চান সালাহকে।
এর আগে সালাহ নিজেও জানিয়েছেন চুক্তির বিষয়টি তার মাথায় ঘুরছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে জানান, লিভারপুল জার্সিতে এটাই হতে পারে ম্যানসিটির বিপক্ষে তার শেষ ম্যাচ, ‘সত্যি বলতে, চুক্তির বিষয়টি আমার মাথায়ও আছে। এখন পর্যন্ত ম্যানসিটির বিপক্ষে লিভারপুলের হয়ে এটাই হতে চলেছে আমার শেষ ম্যাচ। সুতরাং উপভোগ করতে চাই। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। লিগ জিততে চাই, এরপর দেখা যাবে কী হয়।’
সালাহর চুক্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে লিভারপুলের ডাচ কোচ আর্নে স্লটকেও। তার ইঙ্গিত, লিভারপুলেই থাকার সম্ভাবনা বেশি সালাহর।








