নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন

Oplus_131072
হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ০০৭ চরিত্রে দেখা যাবে তাকে।
এর মধ্য দিয়ে অফিসিয়াল বন্ড সিনেমায় সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হলেন প্যাটিনসন।
সোমবার জেমস বন্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পুরোনো সব পোস্ট সরিয়ে দেওয়া হয়। এরপর সেখানে প্রকাশ করা হয় রহস্যময় বার্তা—‘আইডেন্টিটি কনফার্মড’।
পরে বন্ডের চিরচেনা টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি প্রকাশ করে সিনেমাটির স্টুডিও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, প্যাটিনসনের আগমনে সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্রটির জন্য শুরু হবে নতুন এক যুগ।
দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর প্যাটিনসনকে চূড়ান্ত করা হয়েছে। এই চরিত্রের জন্য পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জশ ও’কনর ও ক্যালাম টার্নারও। তবে শুক্রবার প্যাটিনসনকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি সুবিধাজনক চুক্তির প্রস্তাব দেওয়ার খবর প্রকাশিত হলে তাকে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
নতুন সিনেমাটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম অফিসিয়াল চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট। সিনেমাটির প্রযোজনা ও ফ্র্যাঞ্চাইজির তত্ত্বাবধানে থাকবেন ‘হ্যারি পটার’-এর প্রযোজক ডেভিড হেইম্যান এবং ‘স্পাইডার-ম্যান’-এর প্রযোজক অ্যামি প্যাসকাল।
ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ছিল ‘নো টাইম টু ডাই’, যা ২০২১ সালে মুক্তি পায়। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড চরিত্রে যাত্রা শুরু করে মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত ‘স্কাইফল’ বিশ্বব্যাপী ১.১ বিলিয়ন ডলার আয় করেছিল।
এর আগে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রবার্ট প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি অর্জন করেন। এ ছাড়া ‘দ্য লাইটহাউস’ ও ‘দ্য ব্যাটম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০২৫ সালে বারবারা ব্রকোলি ও মাইকেল জি. উইলসনের কাছ থেকে এক বিলিয়ন ডলারের বেশি মূল্যে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনে নেয় অ্যামাজন-এমজিএম স্টুডিওস। নতুন সিনেমাটি হবে স্বত্ব কেনার পর তাদের অধীনে নির্মিত প্রথম বন্ড চলচ্চিত্র।





