ব্যাটিংয়ে ৪০০, শেষ সেশনে ৩ উইকেট তুলে দ্বিতীয় দিনেও জ্বলল বাংলাদেশ

তাওহীদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপাক্ষে রেকর্ড ৪০০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। প্রোটিয়াদের ব্যাটে পাঠিয়ে ইনিংসের শুরুতে উইকেট তুলে নিলেও প্রতিরোধ গড়েছিলেন মার্কুয়েজ অ্যাকারম্যান ও জোবায়ের হামজা। তাদের ২০২ রানের জুটি বাংলাদেশের সামনে বিপদ বাড়ালে শেষ সেশনে ৩ উইকেট তুলে স্বস্তিতে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থেমেছে প্রথম ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ছিল ৩২৬ রান, ২০১৫ সালে চট্টগ্রামে। জবাবে নেমে ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সাউথ আফ্রিকা। এখনও ১১৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। টেম্বা বাভুমা ১৯ রানে এবং রায়ান রিকেলটন ৭ রানে তৃতীয় দিন শুরু করবেন।
প্রথম সেশনের শেষ দিকে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। এইডেন মার্করাম ফেরেন ৪ রান করে। সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন অ্যাকারম্যান ও হামজা। দ্বিতীয় সেশনের পুরোটাও কাটিয়ে দেন তারা। গড়েন ২০২ রানের জুটি।
তৃতীয় সেশনে ৪৩.৫ ওভারে দলীয় ২০৭ রানে হামজাকে ফিরিয়ে জুটি ভাঙেন মুমিনুল হক। ১২৯ বলে ৮৩ রান করেন। ৫৪.১ ওভারে অ্যাকারম্যানকে দ্বিতীয় শিকার বানান হাসান। প্রোটিয়া ব্যাটার ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২১ চার ও ১ ছক্কায় ১৬৪ বলে ১৫৭ রান করেন।
৫৯তম ওভারের শেষ বলে ম্যাথিউ ব্রিটজকের উইকেট তুলে নেন হাসান। লিটনের হাতে ক্যাচ দেন ব্রিটজকে। ২ রান করেন। পরে বাভুমা ও রিকেলটন মিলে দিনের খেলা শেষ করেন।
বাংলাদেশ বোলাদের হয়ে হাসান ৩ উইকেট এবং মুমিনুল নেন ১ উইকেট।
৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাসকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতে অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৫৪ বলে ১২ চার ও ১ ছক্কায় তিন সংখ্যায় পৌঁছান টাইগার তারকা।
দলীয় ৩৫৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আউট হন ১৬ বলে ১০ রান করে। ৯৫.৩ ওভারে দলীয় ৩৭০ রানে অষ্টম উইকেটের পতন ঘটে। লিটন দাস ফেরেন ১৪ চার ও ১ ছক্কায় ১৭৯ বলে ১২০ রান করে। ৩৯১ রানে হাসান মাহমুদ আউট হন। ২৪ বলে ১৬ রান করেন। চারশ রানে তাসকিন আউট হলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে। ১৬ বলে ১৭ রান করেন তাসকিন, ইবাদত অপরাজিত থাকেন ১ রানে।
এর আগে রোববার ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংস শুরুর বলেই কাগিসো রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ২ রানে রাবাদার দ্বিতীয় শিকার হন মুমিনুল হক। ৭ বলে খালি হাতে ফেরেন। তৃতীয় উইকেট জুটিও টেকেনি বেশিক্ষণ। দলীয় ২২ রান শান্ত ফিরে যান। ১২ রান করে রাবাদার তৃতীয় শিকার হন বাংলাদেশ অধিনায়ক।
চতুর্থ উইকেট বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম। দুজনে যোগ করেন ৯৯ রান। ৩৪.১ ওভারে দলীয় ১২১ রানে রাবাদার চতুর্থ শিকার হন তানজিদ। ১২ চারে ১০৮ বলে ৬৭ রান করেন বাংলাদেশ ওপেনার। পরের বলেই মুশফিকুর রহিমকে পঞ্চম শিকার বানান রাবাদা। খালি হাতে ফেরেন।
১২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চাপ কাটিয়ে তোলেন হৃদয় ও লিটন জুটি। ২৯৯ বলে ২০৬ রান যোগ করেন দুজনে। যা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি।
প্রথম দিনের শেষ বলে আউট হন তাওহীদ হৃদয়। মার্কো জানসেনের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১৪ চার ও ১ ছক্কায় ২২৭ বলে ১৩৭ রানে ফেরেন। চতুর্থ টেস্টে হৃদয়ের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫ উইকেট, ডেন পিটারসন ৪ উইকেট এবং মার্কো জানসেন নেন এক উইকেট।



