বর্তমান সময়ে যেখানে শুধু বড় অভিনেতাদের নামেই সিনেমা চলে সেখানে মোহিত সুরির পরিচালনায় তৈরি ছবি ‘সাইয়ারা’ সিনেমা হলে রীতিমত চমক দেখাচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) মুক্তি পেয়েছে বলিউডের নতুন জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই সিনেমা।
যেটি মুক্তি পেতেই রীতিমত কামাল করছে।
মুক্তির প্রথম দিনে ২০ কোটি রুপি দিয়ে যেখানে ব্যবসা শুরু করেছে এই ছবি। সেখানে দ্বিতীয় দিনেই তা বেড়ে দাড়িয়েছে সাড়ে ২৩ কোটি রুপি। অর্থাৎ, মুক্তির দুই দিনে ৪৩ কোটি রুপি আয় করেছে ছবিটি। যেখানে ছবিটির বাজেট ৬০ কোটি রুপি।
চলতি বছর মুক্তি প্রাপ্ত উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘সাইয়ারা’ ছবিটি। যেটি কিনা সানি দেওল, আমির খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতো অভিনেতাদের চলচ্চিত্রকে টেক্কা দিচ্ছে।
এদিকে ‘সাইয়ারা’ ছবিটি দেখতে এসে দর্শকরা মুগ্ধ হচ্ছেন ছবির গল্প, আবেগময় প্রেম কাহিনীর পাশাপাশি এর সংগীত ও আহান-অনীতের রসায়ন নিয়ে। দীর্ঘদিন পর দর্শকরা একটি ভালো রোমান্টিক সিনেমা দেখতে পেয়েছেন যা শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়নি, ভক্তরাও এর প্রশংসায় পঞ্চমুখ।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখলেন আরও এক তারকা সন্তান। বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে নয়া অবতারে। প্রথম সিনেমাতে আহান পান্ডের পর্দায় উপস্থিতি অসাধারণ। একজন গায়ক এবং প্রেমিকের ভূমিকায় তার লুক দুর্দান্ত। অন্যদিকে এর আগে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাতে অনিতকে দেখা গিয়েছিল।








