আদালত

সাঈদ খোকনের আরও ৭ দিনের রিমান্ড চায় ডিবি

সাঈদ খোকনের আরও ৭ দিনের রিমান্ড চায় ডিবি

ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে এ আবেদন করা হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জানান, মঙ্গলবার দুপুরে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করেছে ডিবি। এর মধ্যে রয়েছে, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই, তার শনাক্ত করা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান, মামলার অন্য আসামিদের অবস্থান নির্ণয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার। এ ছাড়া ঘটনার মূল রহস্য উদঘাটন ও পরিকল্পনাকারীদের পরিচয়-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে এসআরবি। পরে ওই দিনই আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে সাঈদ খোকনও রয়েছেন।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়:আওয়ামী লীগ আবদুল মোতালেব হত্যা মামলা জুলাই আন্দোলন ডিএসসিসি ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…