রাষ্ট্রীয় উড়োজাহাজ চেয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা হাস্যকর: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার রাষ্ট্রীয় উড়োজাহাজ চেয়ে দেশে ফেরার ঘোষণা হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এমন একজন আসামির জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিভিন্ন তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও কূটনৈতিক চ্যানেলে বিষয়টি তুলে ধরা সম্ভব।
তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ব্যক্তিরা দিল্লিতে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে যেহেতু তারা বাংলাদেশের ভূখণ্ডে এসব করছেন না, তাই এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।





