বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক

ছবি: সংগৃহীত
আটক বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিক তথ্যে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





