বিনোদন

ধামরাইয়ে সমাহিত হবেন অভিনেতা সোহেল খান

ধামরাইয়ে সমাহিত হবেন অভিনেতা সোহেল খান

অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

মঙ্গলবার সকালে বগুড়ায় এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।

হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

এমডি ইকবাল বলেন, টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বগুড়া থেকে সোহেল ভাইয়ের মরদেহ সরাসরি ধামরাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কি!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

হাস্যরসাত্মক অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকের কাছে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়:৪২০ অভিনেতা মোস্তফা সরয়ার ফারুকী সোহেল খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…