হৃদয়ের ব্যাটিংয়ে বিস্মিত ওয়ারিক্যান, নিজেদের ভুল খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। বাংলাদেশের ১৮৪ রানে সপ্তম উইকেট তুলে নিয়ে বড় লিডের স্বপ্নও দেখছিল ক্যারিবীয়রা। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান তাওহীদ হৃদয়। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে খেলেন দুর্দান্ত এক ইনিংস। তাতেই পাল্টে যায় সিলেট টেস্টের চিত্র। হৃদয়ের ব্যাটিংয়ে বিস্মিত ওয়েস্ট ইন্ডিজও। নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরেছে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যানের কণ্ঠে।
দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ারিক্যান জানান, সুবিধাজনক অবস্থানে থেকেও ম্যাচের পরিস্থিতি নিজেদের পক্ষে ধরে রাখতে পারেনি তার দল। এখন ভুলগুলো পর্যালোচনা করে ঘুরে দাঁড়াতে চান তারা।
বলেছেন, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম এবং পরিস্থিতি আমাদের অনুকূলেই ছিল। কিন্তু হৃদয় খুব ভালো ব্যাট করেছে। আমাদের ভেবে দেখতে হবে কোথায় আমরা আরও ভালো করতে পারতাম। দল হিসেবে আমাদের মাথা উঁচু রাখতে হবে কারণ এখনও অনেক কাজ বাকি। আগামীকাল আমাদের ফিরে এসে ভালো ব্যাট করতে হবে।’
কোথায় ভুল হয়েছে, সেটি এখনই নির্দিষ্ট করে বলতে চান না ক্যারিবীয় এই স্পিনার। দলের পাশাপাশি নিজের পারফরম্যান্সও পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। বলেছেন, ‘দল হিসেবে আমরা আলোচনা করব কী আরও ভালো করা যেত। রাতটা পার হোক, আমরা চিন্তা করব এবং নিজেদের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবব। এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। আগামীকাল আমরা দলগতভাবে এটি নিয়ে আলোচনা করব। এমনকি একজন খেলোয়াড় হিসেবে আমি নিজেও রাতে বাসায় গিয়ে ভাবব যে আমি নিজে বা দল হিসেবে আমরা কোথায় আরও ভালো করতে পারতাম।’
হৃদয়ের সঙ্গে মাঠে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বাকবিতণ্ডাও দেখা গেছে। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেও তাতে হৃদয়ের মনোযোগ নষ্ট হয়নি। বরং ব্যাট হাতে জবাব দিয়েছেন এই ব্যাটার। ক্যারিবীয়দের সেই কৌশল উল্টো ফল দিয়েছে কি না, এমন প্রশ্নে ওয়ারিক্যান অবশ্য কৃতিত্ব দিয়েছেন হৃদয়কেই।
বলেছেন, ‘আমার মনে হয় না কৌশলটা আমাদের বিপক্ষে গেছে। সে আসলে অসাধারণ ব্যাটিং করেছে এবং এর কৃতিত্ব তাকে দিতেই হবে। সে দারুণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছে। তাই আমি বলব সে সত্যিই ভালো ব্যাট করেছে।’
হৃদয়ের সঙ্গে লোয়ার অর্ডারের ব্যাটিংও অবাক করেছে ওয়েস্ট ইন্ডিজকে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে থাকায় বড় লিডের হিসাব কষছিল ক্যারিবীয়রা। কিন্তু হৃদয়ের প্রতিরোধে সেই হিসাব বদলে গেছে। ওয়ারিক্যান বলেন, ‘এটা সবাইকে অবাক করেছে। আমরা সুবিধাজনক অবস্থানে থেকে ভাবছিলাম যে কত রানের লিড পাওয়া যায়। কিন্তু সে যেভাবে ব্যাট করেছে তা সত্যিই বিশেষ কিছু, এর প্রশংসা তাকে করতেই হবে। তবে যেমনটা বললাম, আমরা দলগতভাবে পর্যালোচনা করে দেখব যে আমরা আর কী ভালো করতে পারতাম।’




