ফুটবল

সাফ খেলতে কবে আসছেন হামজা-ফারহান?

সাফ খেলতে কবে আসছেন হামজা-ফারহান?

ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু হয়েছে বাংলাদেশে। প্রথম ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশের অন্যতম দুই তারকা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ফিফা উইন্ডো না থাকায় এবং ক্লাবের ব্যস্ততায় হামজা ও ফারহানকে ছাড়েনি তাদের ক্লাব। তবে খুব দ্রুতই বাংলাদেশে আসছেন তারা। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেছেন সোমবার ঢাকায় পা রাখবেন দুই খেলোয়াড়। 

শনিবার বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেন দলের অন্যতম তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন। পরে কথা বলেন ম্যানেজার আমিরুল ইসলাম। সেখানে জানান, আগামী ৯ নভেম্বার ঢাকায় এসে পৌঁছাবেন তারা।

হামজা-ফারহানদের বাংলাদেশে আসা নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড়, আপনারা জানেন, ফিফা উইন্ডোর জন্য আসতে পারে নাই। আমরা সবাই তাকিয়ে আছি হামজা চৌধুরী এবং সেইসঙ্গে ফারহান আলী ওয়াহিদের দিকে। হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী পরশুদিন ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছা্বেন ইনশাআল্লাহ।’

‘আপনারা আগামী ৯ তারিখে অনুশীলনে আসলেই তাদেরকে দেখতে পারবেন। ৯ তারিখে হামজা চৌধুরীকেও দেখতে পারবেন এবং সেই সঙ্গে ফারহান আলীকেও দেখতে পারবেন।’

তপু বর্মণের সবশেষ অবস্থা নিয়ে বাংলাদেশের ম্যানেজার বলেন, ‘আমাদের যে খেলোয়াড়েরা রয়েছে, খেলোয়াড়দের মধ্যে ব্যথা, অসুবিধা এই সমস্যাগুলো ছিল। গত ম্যাচে আপনারা দেখেছেন সেরা একাদশে তপু ছিল, কিন্তু ওয়ার্মআপ করতে গিয়ে সে ব্যথা পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সে খেলতে পারে নাই।’

‘আমাদের ফিটনেস ট্রেইনার, যিনি বিদেশি, তাকে পর্যবেক্ষণ করেছে এবং তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা আশাবাদী শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় কোচ যদি মনে করে তাহলে তাকে খেলাতে পারে। সে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ১১ নভেম্বর। তার আগে দেশে ফিরলে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে হামজাকে। এ ম্যাচ জিতলে বাংলাদেশ গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে।

বিষয়:আমিরুল ফারহান ফিফা বাংলাদেশ মোরসালিন শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…