আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। প্রথম থেকে বেশ আক্রমণ করে খেললেও গোল পেতে বাংলাদেশকে প্রায় সত্তর মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যদিও বাংলাদেশের কোচ ম্যাচ শেষে বলেছেন তার দল তিন পয়েন্টের যোগ্য ছিল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে থমাস ডুলি বলেন, ‘সামগ্রিকভাবে আমি খেলাটি নিয়ে অবশ্যই খুশি। আমরা ম্যাচটি জিতেছি, আমরা তিন পয়েন্ট পেতে চেয়েছিলাম। তাই সেটা ভালো ছিল। প্রথমার্ধের শেষের দিকে প্রায় বিশ-ত্রিশ মিনিট এবং দ্বিতীয়ার্ধের বিশ মিনিট আমরা খুব ভালো ফুটবল খেলেছি। আমরা সুযোগ তৈরি করেছি, আমাদের বেশ কিছু সুযোগ ছিল।’
‘কিন্তু বক্সে খেলোয়াড় না থাকলে আপনি তো আর গোল করতে পারবেন না। সেখানে সাত-আটজন প্রতিপক্ষের বিপরীতে আমাদের মাত্র এক বা দুজন খেলোয়াড় ছিল। আর আমরা সেটাই কিছুটা বদলাতে চেয়েছিলাম। আমরা মিডফিল্ডে একটু পিছিয়ে গিয়েছিলাম। তবুও সামগ্রিকভাবে আমি বলতে পারি যে আমি খেলাটি নিয়ে খুশি।’
মিডফিল্ডকে আরও দায়িত্ব নিতে হবে উল্লেখ করে ডুলি আরও বলেন, ‘আমাদের মিডফিল্ডের খেলোয়াড়দের ওপরের দিকে ঠেলে দিতে হবে। তাদের ফরোয়ার্ডে পাঠাতে হবে এবং ওদের মার্ক করতে হবে যাতে তারা মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে না পারে। আর এভাবেই আমরা আবার আমাদের পছন্দমতো খেলা শুরু করলাম।’
শেষ পর্যন্ত একটা গোল করতে পেরে আমরা আনন্দিত। আমরা বড় তিন পয়েন্ট পেয়েছি এবং আমি মনে করি আমরা এর যোগ্যও ছিলাম।’
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৬৯ মিনিটে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।






