যুদ্ধের ধাক্কায় বিদ্যুৎ বিল বেড়েছে, সৌরবিদ্যুতে ঝুঁকছে ফিলিপাইন

ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুতের বিলেও। বাড়তি খরচ সামাল দিতে ফিলিপাইনে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর প্রবণতা বাড়ছে।
শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের বাসিন্দা কিথ ক্যান্টেরা ও তার পরিবার কয়েক বছর ধরেই সৌরবিদ্যুৎ ব্যবস্থার কথা ভাবছিলেন। কিন্তু প্রায় ৫ হাজার ডলার প্রাথমিক খরচের কারণে সিদ্ধান্ত নেননি। যুদ্ধ শুরুর আগে তাদের মাসিক বিদ্যুৎ বিল ছিল প্রায় ১৫০ ডলার। পরে তা বেড়ে ২২০ ডলারে পৌঁছালে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নেন তারা।
ক্যান্টেরার হিসাবে, বর্তমান বিদ্যুতের দাম বিবেচনায় সৌর প্যানেল স্থাপনের খরচ তিন থেকে চার বছরের বিদ্যুৎ বিলের সমান। পঞ্চম বছরে বিনিয়োগের খরচ উঠে আসতে পারে।
জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা এমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শুরুর তুলনায় ফিলিপাইনে বাড়ির ছাদে সৌর প্যানেলের ব্যবহার প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত চীন থেকে সৌর প্যানেল আমদানিতে দেশটি ব্যয় করেছে ৪০ কোটি ৭০ লাখ ডলার।
সৌরবিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সোলারম্যাক্সের প্রধান নির্বাহী লেক্সাস গ্রেপো জানান, চাহিদা বাড়ায় সৌর প্যানেল স্থাপনের জন্য গ্রাহকদের প্রায় ৩০ দিন অপেক্ষা করতে হচ্ছে। তার ধারণা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমলেও বিকল্প জ্বালানির প্রতি মানুষের আগ্রহ বজায় থাকবে।
ফিলিপাইনে বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশের বেশি আসে আমদানি করা কয়লা ও গ্যাস থেকে। বিদ্যুতের দামে সরকারি ভর্তুকি না থাকা এবং ডলারের বিপরীতে পেসোর দরপতনে জ্বালানি আমদানির ব্যয় আরও বেড়েছে। এ পরিস্থিতিতে গত মার্চের শেষ দিকে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
বিদ্যুতের খরচ কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও হাতে নিয়েছে। রাজধানী ম্যানিলার উত্তরে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। ৮৫০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কেন্দ্রটি প্রায় ২৪ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর লাগতে পারে। তাই বাড়তি বিদ্যুৎ বিল সামাল দিতে অনেকেই নিজেরাই সৌরবিদ্যুতের ব্যবস্থা করছেন।






