শিক্ষা

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের সময় ঘোষণা

২০২৭ সালের এসএসসির ফরম পূরণের সময় ঘোষণা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ শুরু হবে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

আজ (১৭ অক্টোবর) শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে।

ফি জমার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা অতিরিক্ত ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের জন্য মোট ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমা দিতে পরীক্ষার্থীদের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিষয়:এসএসসি পরীক্ষা ফরম পূরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…