সাফের শিরোপা জিততে চান হামজা
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে নিশ্চিত করেছে লাল-সবুজের দল। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে থমাস ডুলির শিষ্যরা। সেই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। জানালেন জিততে চান এবারের আসরের শিরোপা।
ম্যাচের আগের দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। তার আগে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। সেখানে শিরোপা জয়ের কথা জানান তিনি।
শিরোপা জয়ের কথা নিয়ে হামজা চৌধুরী বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। অবশ্যই আগামীকালের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আসরের ধারাবাহিকতা ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি আমাদের চাপ আছে। ইনশাআল্লাহ, আমরা সাফ জিততে চাই।’
‘আমাদের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শক্তিশালী দল। গত এক বছর তাদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু কালকের ম্যাচে আমরা জিতব, ইনশাআল্লাহ।’
আসরের চাপ নিয়ে হামজা বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় আমরা জিতি। আমাদের খুব আত্মবিশ্বাস আছে, দলের মাঝেও। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে খেলেছি, আমরা ইতিমধ্যে ভারতকে হারিয়েছি। আমরা জানি আমাদের লেভেল আছে, আমরা আরো ভালো খেলতাম পারব।’
বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিয়ে বলেন, ‘আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। মানুষ আমাকে এত সমর্থন করে, খুব ভালোবাসে। ইংল্যান্ডে ম্যাচের সময় বাংলাদেশ সমর্থক ভ্রমণ করে এসে খেলা দেখে, এটা আমার কাছে খুব অর্থবহ। আমার পরিবারের জন্যও।’





