স্পিন উইকেট বানিয়ে বাংলাদেশ নিজেদেরই বিপদ ডেকেছে: চেজ

মিরপুরে জয় এবং সিলেটে ড্রয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিন-সহায়ক উইকেট তৈরির পরিকল্পনা শেষ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষেই গেছে বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। তার মতে, পেস কিংবা স্পিন-যেকোনো ধরনের উইকেটেই খেলার প্রস্তুতি ছিল ক্যারিবীয়দের। তাই বাংলাদেশের স্পিননির্ভর কৌশল তাদের জন্য বরং সুবিধা তৈরি করেছে।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, ‘উইকেটের ধরন নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না ওয়েস্ট ইন্ডিজের। পেস-সহায়ক উইকেট হলে পেসাররা যেমন সুবিধা পেতেন, তেমনি স্পিন উইকেটের জন্যও প্রস্তুত ছিল দল। শেষ পর্যন্ত বাংলাদেশের নেওয়া সিদ্ধান্ত তাদেরই বিপাকে ফেলেছে বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক।’
চেজ আরও বলেন, ‘আমরা যেকোনো ধরনের উইকেটের জন্য প্রস্তুত ছিলাম। পেস-সহায়ক উইকেট হলে আমাদের পেসাররা কাজে লাগত, আর স্পিন-সহায়ক হলে স্পিন বিভাগ তো ছিলই। বাংলাদেশ স্পিন সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যা শেষ পর্যন্ত তাদের জন্যই উল্টো ফল বয়ে এনেছে। এ কারণে আমরা খুব খুশি।’
দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল দুটিতেই জয় তুলে নেওয়া। মিরপুরে প্রথম টেস্ট জিতে সেই লক্ষ্যে এক ধাপ এগিয়েও গিয়েছিল সফরকারীরা। সিলেটে দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু বৃষ্টিতে খেলার অনেকটা সময় নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চেজের দল।
এ নিয়ে হতাশা লুকাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বলেছেন, ‘আমরা দুটি ম্যাচই জিততে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। বিশেষ করে খারাপ আবহাওয়ায় অনেকটা সময় নষ্ট হয়েছে। ফলে ম্যাচটি জেতা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।’
বাংলাদেশের স্পিননির্ভর বোলিং সামলাতে এবার বাড়তি প্রস্তুতি নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরের আগে ভারতের চেন্নাইয়ে অনুশীলন ক্যারিবীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন চেজ। বলেছেন, ‘সাধারণত বাংলাদেশে এলে স্পিনাররা আমাদের বেশ ভোগায়। তবে এবার স্পিন খেলার ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। দলের অনেকেই চেন্নাইয়ে গিয়ে কাছাকাছি কন্ডিশনে অনুশীলন করেছে। প্রচুর স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলা এবং নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা কাজে দিয়েছে।’





