গোপালগঞ্জ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন ও উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ১০ নভেম্বর সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এসব কর্মসূচির কারণে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য মতে, সকাল সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে লগি-বৈঠা নিয়ে জড়ো হন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় কিছু মানুষও যোগ দেন। পরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তারা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বৈঠার মিছিল বের করেন।

পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। এর প্রতিবাদে আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। একই সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহরের লঞ্চঘাট গোলচত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সোমবার রাত ৯টার পর জেলা শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা শহরের সরকারি জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মান্দারতলা ও চেচানিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের পাশেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোটালীপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন তাঁরা। মঙ্গলবার ভোরে কাশিয়ানীতে অবরোধকারীদের ধাওয়ার মুখে পুলিশ পিছু হটেছে বলেও জানা গেছে।

অবরোধ কর্মসূচি প্রসঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনেও অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।

বিষয়:অবরোধ কর্মসূচি আন্দোলনকারীদের সংঘর্ষ গুলিবিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…