ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে সংসদ সদস্য নির্বাচিত এলিজা জামান

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী (আসন-২৩) আসনের শূন্য পদে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী রোববার বিকেল ৪টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী থাকায় এ আসনে আর ভোটের প্রয়োজন হয়নি। ফলে বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। ওই দিন তিনি জানিয়েছিলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।






