রাগবিকে জনপ্রিয় করতে হতে যাচ্ছে ‘রাগবি কিডস ফেস্টিভ্যাল-২০২৬’

বাংলাদেশে রাগবি খেলাকে জনপ্রিয় করে তোলা এবং ভবিষ্যতের জন্য জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে নিয়ে শুরু হতে যাচ্ছে ‘রাগবি কিডস ফেস্টিভ্যাল-২০২৬।’ তৃণমূলের প্রতিভা অন্বেষণ, শিশুদের প্রাথমিক স্তর থেকেই রাগবি খেলার সাথে পরিচয় করিয়ে দেয়া এর অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা, দলীয় সংহতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন।
আয়োজনের সার্বিক তথ্য জানাতে বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার উজ জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, টুর্নামেন্ট সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ভরসা এবং গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড.ওয়াহিদুজ্জামান তমাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাগবি কিডস ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে অনূর্ধ্ব-১০ বর্ষী খেলোয়াড়েরা। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে ছয়টি দলে মোট ৬০ জন ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করবে। ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রথমে গ্রুপপর্বে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুটি দল সরাসরি ফাইনালে অংশগ্রহণ করবে।
আসরে অংশগ্রহণ করতে যাওয়া ছয়টি দলের মধ্যে পাঁচটি ঢাকার। এছাড়া চট্টগ্রামের একটি ক্লাব এতে অংশগ্রহণ করবে। দলগুলো হল- গুলশান ইয়ুথ ক্লাব, ওল্ড ডিওএইচএস ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ নৌজোয়ান ক্লাব, চট্রগ্রাম। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের এবং গুলশান ইয়ুথ ক্লাব।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি তারেক চৌধুরী বলেন, ‘এ আয়োজনের পর আমরা ক্লাবগুলোর সাথে যুক্ত থাকার চেষ্টা করব। খেলোয়াড়রা মৌলিক প্রশিক্ষণ পেয়েছে। প্রতিটি ক্লাবে কোচ পাঠানো হয়েছিল। দেশব্যাপী রাগবিকে জনপ্রিয় করতে হলে বাচ্চাদের যুক্ত করতে হবে।’
কোমলমতি শিশুদের মেধা বিকাশে এ আসর এক অনন্য সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।





