ইউল্যাবে বাংলাদেশের বিনোদন মাধ্যমের প্রভাব বিষয়ক গোলটেবিল বৈঠক

বাংলাদেশে বিনোদন শিল্পের প্রভাব নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বক্তারা শিল্পের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বাংলাদেশে বিনোদন মাধ্যমের প্রভাব বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়টির ধানমণ্ডিতে অবস্থিত মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় অংশ নেন বাংলাদেশের বিনোদন মাধ্যমের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন পেশাজীবী। প্রাণবন্ত আলোচনার মাধ্যে বক্তারা বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বিনোদন মাধ্যমের সম্ভাবনা ও প্রতিকূলতার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রতি প্রণীত ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক সম্প্রচার বিষয়ক খসড়া নীতিমালার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায়। বক্তারা মতপ্রকাশ করেন যে খসড়া নীতিমালাটি এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলসহ অন্যান্য জায়গায় ওটিটি ভিত্তিক সম্প্রচার কৌশলের সঙ্গে সামজস্যপূর্ণ নয়।
ইউল্যাবের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডক্টর জুড উইলিয়াম হেনিলোর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও মেধাস্বত্ব বিষয়ক আইনজীবী ব্যারিস্টার হামিদুল মেসবাহ, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা প্রসূণ রহমান, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত চরকির কনটেন্ট ইন্টিগ্রেটর আদর আহমেদ, ইউল্যাবের শিক্ষক ও গবেষক অবন্তী হারুন এবং দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের বিনোদন সংবাদদাতা সোহেল আহসান। বক্তারা বাংলাদেশে বিনোদন মাধ্যমের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ জোর দেন।
বাংলাদেশে যোগাযোগ, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক বুদ্ধিবৃত্তিক চর্চার একটি অগ্রসর কেন্দ্র হিসেবে ইউল্যাবের গণমাধ্যম বিনোদন মাধ্যমের প্রভাব বিষয়ে আয়োজিত এই গোলটেবিল বৈঠকটি বাংলাদেশে গণমাধ্যম শিল্প নিয়ে নতুন ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।






