ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে চেক রিপাবলিককে হারিয়ে দ্বিতীয়টিতে তুরস্কের বিপক্ষে জিতেছে পর্তুগাল। টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তুরস্কের বিপক্ষে জয়ের ম্যাচে ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও। রোনালদোর সঙ্গে সেলফি তুলতে বেশ কয়েকবার মাঠে ঢুকে পড়ে দর্শক, ছিল খুদে ভক্তও। যেজন্য একাধিকবার বন্ধ রাখতে হয়েছে খেলা।
সিগন্যাল ইদুনা পার্কে শনিবার রাতে তুরস্ককে ৩-০তে হারিয়ে গ্রুপ ‘এফ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে পর্তুগাল। পর্তুগিজদের হয়ে বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস দুটি গোল করেন। অন্য গোলটি আসে তুরস্ক ডিফেন্ডার সামিত আকেদিনের থেকে।

রোনালদো খুদে সমর্থকদের জন্য যেন নিজের নিরাপত্তা নিয়ে ভাবতেও নারাজ! তুরস্কের বিপক্ষে ম্যাচ চলাকালীন মহাতারকার সঙ্গে সেলফি তুলতে মাছে ঢুকে পড়ে এক খুদে ভক্ত। যাতে ভক্ত সফল হলেও নিরাপত্তাকর্মীদের কারণে অন্যদের কেউ সেলফি তোলায় সফল হতে পারেনি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে সেলফি তুলেই মাঠের বাইরে ছুট দেয় সেই ভক্ত। কয়েকজন নিরাপত্তাকর্মী চেষ্টা করেও তাকে ধরতে পারেননি। ওই ভক্তের সময় ছাড়া আরও তিনবার খেলা বন্ধ রাখতে হয়েছে সিআর সেভেন ভক্তদের সেলফি শিকার কাণ্ডে।
Little kid ran onto the pitch to take a picture with Ronaldo 😭😭 pic.twitter.com/iZFMnfS8Pt
— Adam (@AFCAdam04) June 22, 2024
ম্যাচ শেষে যা নিয়ে শঙ্কার কথা বলেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজ। ৫০ বর্ষী কোচ বলেছেন, ‘এটি উদ্বেগের কারণ, আমরা ভাগ্যবান যে দর্শকদের উদ্দেশ্য ভালো ছিল। আমি মনে করি, আমরা সবাই এমন দর্শককে ভালোবাসি, কিন্তু তাদের উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে খুব, খুব খারাপ কিছু হবে।’







