বিষখালী নদীতে নিখোঁজের দুই দিন পর মিলল ইহানের মরদেহ

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু মো. ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আমতলা এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত ইহান বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আসা ইহানের বাবার এক বন্ধুর পরিবারসহ ১০ থেকে ১২ জনের একটি দল বড়ইতলা ফেরিঘাট-সংলগ্ন বিষখালী নদীর তীরে বেড়াতে যান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ইহান। এ সময় নদীর তীব্র স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল ৪টা থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। অবশেষে রোববার সকালে নিখোঁজের স্থান থেকে দূরে নলটোনা ইউনিয়নের আমতলা এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, নিখোঁজের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে অভিযান চালানো হয়। রোববার সকাল ৯টার দিকে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে শিশু ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন ধরে নদীতে নিখোঁজ শিশুকে খুঁজে ফেরার পর মরদেহ উদ্ধারের খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






