আসর শুরুর আগে ইউরোর দলে নাম লিখিয়ে রেকর্ড ছয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড করে আসরকে বিদায় জানালেন মহাতারকা। পর্তুগীজ সংবাদমাধ্যমে খবর, এটাই তার শেষ ইউরো।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা জানিয়েছেন, ‘কোনো সন্দেহ নেই, অবশ্যই এটা আমার শেষ ইউরো। কিন্তু এ বিষয়টি নিয়ে আমি মোটেও আবেগাপ্লুত হচ্ছি না।’
‘ফুটবলে যা কিছু আছে, আমি খেলার জন্য যে উৎসাহ, ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি, এখানে আমার পরিবার আছে, মানুষের আবেগ আছে, এর অর্থ ফুটবলের জগত ছেড়ে চলে যাওয়া নয়।’
২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হওয়া রোনালদো ২০১৬ সালে ইউরো জিতেছেন। দেশের হয়ে সর্বাধিক ১৩০ গোল করে জাতীয় দলের সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিকও তিনি।
‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার জন্য উৎসাহের এখনও কোনো অভাব নেই। ২০ বছরের বেশি হয়ে গেছে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছি। ভক্ত ও সাধারণ মানুষের, এমনকি আমার পরিবার ও বাচ্চাদের মুখে হাসি দেখা আমার সবচেয়ে বড় উৎসাহের কারণ। আমি সবসময় সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি এ জার্সি পরে, ব্যর্থ হই বা সফল।’







