পর্তুগালের হারে ‘ভীষণ খুশি’ রোনালদোর মা

ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। বিদায়বেলায় দেশটির ফুটবল কর্তাদের সঙ্গে সম্পর্কে ছিল বেশ টানাপোড়েন, বিশেষ করে কোচ হোর্হে হেসুসের সঙ্গে। সিআর সেভেনকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমে ডেনমার্কের কাছে ৪-১ ব্যবধানে হেরেও গেছে দলটি। এরপর পর্তুগিজ মহাতারকার মা ডলোরেস আভেইরো এক অনুষ্ঠানে বলেছেন, দলটি যা পাওয়ার যোগ্য ছিল, তাই পেয়েছে।
স্পোর্টিং সিপিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলে ডলোরেস। বলেছেন, ‘এই হারই তাদের প্রাপ্য ছিল এবং এতে আমি খুশি।’ তার ক্ষোভের মূল কারণ, জাতীয় দলে রোনালদোর শেষ মাসগুলোতে বৈরী আচরণের জন্য। মূলত রোনালদোর প্রথম পেশাদার ক্লাব স্পোর্টিং মহাতারকার সম্মানে এ আয়োজন করেছিল। রোনালদোর মা ফুটবল ফেডারেশন সমালোচনাও করেছেন।
শনিবার রাতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে দলের খেলোয়াড়রা রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন। এ প্রসঙ্গে রোনালদোর মা বলেছেন, ‘এই সম্মাননা তার উপস্থিতিতেই দেয়া উচিত ছিল। যেভাবে দেয়া হয়েছে তা যথাযথ ছিল না।’
রোনালদো দেশের হয়ে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬ গোল করে গেছেন। তার মায়ের মতে, এমন রেকর্ডের অধিকারী একজন খেলোয়াড় আরও ব্যক্তিগত ও আন্তরিক বিদায় পাওয়ার যোগ্য ছিলেন। তিনি কেবল ফুটবল কর্মকর্তাদেরই দোষারোপ করেননি, রোনালদোর সাবেক সতীর্থদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
বলেছেন, ‘জাতীয় দলে তাকে যথাযথ সম্মান দেয়া হয়নি, এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান দেখাননি। অথচ এই রোনালদোই তাদের ইউরো ২০১৬ এবং নেশনস লিগের শিরোপা জিতিয়েছিলেন।’
আভেইরো স্পোর্টিং সিপির কথা উল্লেখ করেন বলেছেন, ‘এখানে রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল, একমাত্র এই প্রতিষ্ঠানটি তাকে সঠিকভাবে সম্মান জানাতে সক্ষম। স্পোর্টিংই তাকে যথাযথ সম্মান জানিয়েছে, এখানে তারা তার প্রকৃত মূল্য বোঝে।’
রাতে নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে নামবে পর্তুগাল। এর আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ হেসুস। তাকে রোনালদোর মায়ের প্রসঙ্গে প্রশ্ন করায় বলেছেন, ‘এখন আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে? আমারও তো মা আছেন। রোনালদোর মাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। মা তো মা-ই, এ নিয়ে তো আর কিছু করার নেই। তার মন্তব্যগুলো আমি বুঝতে পারছি।’
রোনালদোর অবসরের অনেক আগেই কোচের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল। নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকার পর এবং ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগে শুরুর একাদশে সুযোগ না পাওয়ার বিষয়টি জানার পর, সেপ্টেম্বরে রোনালদো পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান। তিনি হেসুসের বিরুদ্ধে কথা দিয়ে তা না রাখার অভিযোগ তোলেন। ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার দায়ে ফেডারেশন তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল। সেটির কয়েক সপ্তাহ পর রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।




