২০২৬ বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন শিরোপা সাথে নিয়েই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। রাউন্ড অব ১৬তে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় পর্তুগিজ কিংবদন্তির। বিশ্বকাপ না জিতলেও বিয়েটা সেরে ফেললেন ৪১ বর্ষী মহাতারকা। ৫ সন্তান ও পরিবারের মানুষদের সঙ্গে নিয়ে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো।
মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর তারা বিয়ের পিঁড়িতে বসলেন। রোনালদোর জনসংযোগ প্রতিনিধিরা জানিয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত এবং ঘরোয়া এই অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল।
এরপর বিয়ের খবর জানান রোনালদো নিজেও। ইনস্টাগ্রামে তিনি দুটি হাতের ছবি পোস্ট করেন, যেখানে দুজনের হাতেই বিয়ের আংটি দেখা যায়।
রোনালদো ও জর্জিনার পরিচয় হয় প্রায় এক দশক আগে স্পেনের মাদ্রিদে। তখন জর্জিনা একটি গুচি স্টোরে কাজ করতেন এবং রোনালদো খেলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।
গত বছরের ১১ আগস্ট এই জুটি তাদের বাগদানের ঘোষণা দেন। সে সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি-এই জীবনেও এবং আমার সব জীবনেও।’
রোনালদোর বড় ছেলের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া জুনিয়রের মায়ের পরিচয় পর্তুগিজ কিংবদন্তি কখনো প্রকাশ করেননি। ২০১৭ সালের জুনে সারোগেটের মাধ্যমে ইভা মারিয়া ও মাতেওয়ের বাবা হন আল নাসের এই তারকা। পাঁচ মাস পর তার প্রেমিকা জর্জিনার গর্ভে জন্ম নেয় অ্যালানা মার্টিনা। ২০২২ সালে দুই যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেলের জন্ম দেন জর্জিনা। তবে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় অ্যাঞ্জেল।
পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন রোনালদো। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে মাঠ মাতানোর পর এখন খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসেরে। জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অরও। পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইতালি, স্পেন ও ইংল্যান্ডে জিতেছেন লিগ শিরোপা। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোলের রেকর্ডও রোনালদোর। জিতেছেন একটি ইউরো ও দুটি নেশনস লিগ শিরোপা।








