পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু : আহত ৩

ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলায় একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় ৩ জন গুরুতর আহত হন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু ও পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম এ ঘটনাটি নিশ্চিত করেন।
চেয়ারম্যান কবির হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমোড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), এবাদত হোসেনের ছেলে ইমন(২০), শাহাদতের ছেলে আব্দুল্লাহ(১৯)।
স্থানীয় সুত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিচিত ৮ কিশোর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে যান। বিকেল সাড়ে ৪টারর দিকে বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এসময় তারা সবাই বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এই সময় ওই টং ঘরের উপর বজ্রপাত হলে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যার দিকে আশে পাশে এলাকার মানুষ টের পেরে হতাহতদের উদ্ধার করে।
পাবনা সদর থানার (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। লাশ মরদেহ উদ্ধারের কাজ চলছে।






