নিরাপত্তা ও বাড়ির অধিকারের দাবিতে পর্তুগালে সংসদমুখী বিক্ষোভকারীরা

প্রতিনিধির পাঠানো ছবি
উচ্চ মজুরি, সহিংসতামুক্ত সমাজ এবং নিজের বাড়ির মালিক হওয়ার অধিকারের দাবিতে পর্তুগালের সংসদ প্রাঙ্গণে জড়ো হয়েছেন হাজারো বিক্ষোভকারী। জীবনযাত্রার ব্যয়, ব্যক্তিগত নিরাপত্তা ও আবাসনসংকটের মতো বিষয়গুলো সামনে রেখে তারা এসব দাবি জানান।
হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা সংসদ প্রাঙ্গণে স্লোগান দেন। তাদের দাবি, জীবনযাত্রার মান উন্নয়নে মজুরি বাড়াতে হবে, সহিংসতা কমাতে হবে এবং সাধারণ মানুষের বাড়ির মালিক হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
আন্দোলনে অংশ নেওয়া মারিয়ানা জসেল বলেন, ‘জীবনযাত্রার ব্যয়, আবাসনের সুযোগ এবং ব্যক্তিগত নিরাপত্তার মতো বিষয়গুলোকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে আমরা নিজেদের অবস্থান তুলে ধরেছি।’
বিক্ষোভকারীরা তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন। তাদের দাবি, এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।






