সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের কাছে শীর্ষস্থান আগেই হারিয়েছিল আল নাসের। মৌসুমের শেষদিকে এসে আবারও শীর্ষে ওঠার লড়াই করছে দলটি। গুরুত্বপূর্ণ সময়ে আল তাইয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে চলতি মৌসুমে এটি তার পঞ্চম গোল।
গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার পর্তুগিজ মহাতারকা রোনালদো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কার গোলে ২-০তে জয় পেয়েছে আল নাসের। জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আল ইত্তিহাদের সঙ্গে ব্যবধান কমিয়েছে। দুদলের মধ্যে এখন ৩ পয়েন্টের ব্যবধান।
রাতের আরেক ম্যাচে আল হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে আল ইত্তিহাদ। সেই সুযোগটি কাজে লাগিয়ে রোনালদোরা জয় নিয়ে টেবিল টপারদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে। ২৭ ম্যাচ শেষে আল ইত্তিহাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে আল নাসেরের পয়েন্ট ৬০। লিগে এখনও বাকি তিনটি করে ম্যাচ।
লিগ জয়ের দৌড় থেকে এখনই হাল ছাড়ছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআর সেভেন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ একটি জয় পেয়েছি, সামনে আরও ৩টি খেলা রয়েছে। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে চাই।’
লিগে রোনালদোর এটি ১৩তম গোল। এই নিয়ে পেনাল্টি থেকে সৌদি প্রো লিগে তিনি গোল পেলেন পাঁচটি।








