বাংলাদেশ

মোটরযান মালিক-চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা

মোটরযান মালিক-চালকদের জন্য ডিএমপির কঠোর নির্দেশনা

রাজধানীতে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে যানবাহন থেকে অপসারণ করতে মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে বলা হয়, নির্ধারিত সময়ের পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের যথেচ্ছ ব্যবহার একদিকে যেমন নগরীতে শব্দদূষণ বাড়াচ্ছে, অন্যদিকে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।

ডিএমপি জানায়, এসব সরঞ্জাম থেকে সৃষ্ট উচ্চ শব্দের কারণে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা এর নেতিবাচক প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এই অবস্থায় জনস্বার্থ ও নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলার নির্দেশ দিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত বা ব্যবহার করতে দেখা গেলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:ডিএমপি মোটরযান চালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…