৮ দিনে ৮০ কোটি রুপি আয় করলো রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ধারণা করা হচ্ছে শনি-রবিবারের আয় মিলিয়ে ছবির আয় ১০০ কোটি রুপি ছাড়াবে।
শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৮০ কোটি ২৩ লাখ রুপি। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ১৪৬.৫ কোটি রুপি।
প্রথম সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহেও ছবির বক্স অফিস পরিস্থিতি ছিল স্থিতিশীল। শুক্রবার অন্যদিনের চেয়ে বেশি আয় করেছে ছবিটি। একারণেই বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন শনি ও রবিবার আরও বেশি দর্শক থাকবে হলে।
প্রায় সাত বছরের বিরতির পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনাও ছিল অনেক। মুক্তির প্রথম দিন বক্স অফিসে জমজমাট ব্যবসা করেছে এই ছবি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটি আয় করেছে ১১ কোটির বেশি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।
পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই ছবি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








