‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের প্রথম অতিথি সালমান

আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হতে যাচ্ছে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শোয়ের নবম এবং ফাইনাল সিজন। আর এইবারের সিজনের প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সালমান খান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসন্ন পর্বের প্রমো শেয়ার করে সালমান খানের উপস্থিতির কথা জানিয়েছেন নির্মাতা করণ জোহর।
প্রমোতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তো ম্যায় আ রাহা হু করনে কফি উইথ করণ’ অর্থাৎ তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।
প্রমোটি শেয়ার করে করণ জোহর লিখেছেন, শেষবারের মতো… একমাত্র ভাইয়ের সাথে এককাপ কফি। তিনি এও জানিয়েছেন, ‘কফি উইথ করণ’এর নবম সিজন দেখা যাবে আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারের পিকক হাবে।
প্রসঙ্গত, ‘কফি উইথ করণ’ এর নবম সিজনই হতে চলেছে জনপ্রিয় এই শোয়ের শেষ সিজন। করণ জোহরের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে তার ক্যারিয়ারের আগামী দিনের পরিকল্পনা।
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘কফি উইথ করণ’ বিনোদন জগতে আমার পরিচয়ের একটি বড় অংশ। বিশ্বাসই করতে পারছি না, দেখতে দেখতে ২২ বছর কেটে গেল এবং এবার শোয়ের নবম সিজন আসতে চলেছে।
তিনি আরও বলেন, আগামী এক দশক তিনি আরও বেশি সিনেমা পরিচালনা করতে এবং নতুন নতুন গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চান। তার কথায়, “আমি জীবনের আগামী দশকটা আরও বেশি সিনেমা পরিচালনা করে এবং অনেক নতুন গল্প বলে কাটাতে চাই। তাই ভারাক্রান্ত হৃদয়ে এই সিজনটিকেই শেষ সিজন করার সিদ্ধান্ত নিয়েছি”।
করণ তার এই সিদ্ধান্তকে আবেগপূর্ণ ও ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন। তিনি আশা করেন, শোটি তাকে যে ভালোবাসা দিয়েছে, তা দর্শকের হৃদয়েও বেঁচে থাকবে।
২০০৪ সালে স্টার ওয়ার্ল্ডে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’। প্রথম সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও কাজল। এছাড়াও অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের সাথে এবং ঐশ্বর্য রাই চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানশালির সাথে উপস্থিত হয়েছিলেন। এনডিটিভি.কম





