সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবি করে সমালোচিত হন পূজা চেরী। ছবিটি মুক্তির পর দর্শকরাই বলেছেন, রোম্যান্টিক সিনেমা হলেও পর্দায় শাকিব-পূজার রসায়ন জমেনি। উল্টো শাকিবের সঙ্গে ব্যক্তিগত জীবনে প্রেমের গুঞ্জনে জড়িয়ে তোপের মুখে পড়েন পূজা চেরী।
সমালোচনা কাটাতে গেল সপ্তাহে জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা চেয়ে প্রতিষ্ঠানটিতে ফিরেছেন পূজা। হয়তো আগামীতে জাজ প্রযোজিত নতুন ছবিতে আবারও দেখা যাবে তাকে। তবে এরই মধ্যে শাকিবের নাম জড়িয়ে পূজাকে নিয়ে খবর প্রকাশ হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘মায়া’তে কাজ করবেন পূজা চেরী।
কিছুদিন আগেও যে পূজা সবসময় শাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন তিনি এবার স্পষ্ট জানালেন, তিনি শাকিবের ‘মায়া’ সিনেমা করবেন না।
রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে পূজা চেরী লিখেছেন, বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, ‘মায়া’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয় নাই।
পূজা চেরী লিখেছেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।
পূজা আরও জানান, যদি তার গল্প পছন্দ হয় তবে অবশ্যই অভিনয় করবেন। লিখেছেন, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ ।
পূজা চাইছেন না শাকিবের সঙ্গে তার নাম না জড়াতে। এ কারণে লিখেছেন, আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।
‘মায়া’ শাকিব খানের নিজের প্রডাকশক এসকে ফিল্মসের ছবি। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এবং হিমেল আশরাফের পরিচালনায় আগামীতে ছবিটি শুটিং শুরু হবে। জানা যায়, সরকারী অনুদান প্রাপ্তির আবেদনে ছবিতে নায়িকা হিসেবে পূজা চেরীর নাম ছিল। তবে তিনি চূড়ান্ত ছিলেন না।
প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে বলা হয়,সরকারী অনুদান পাওয়ার জন্য সম্ভাব্য শিল্পীদের নাম প্রস্তাবনায় যে কারো নাম থাকতে পারে। সেই হিসেবে পূজার নাম উল্লেখ ছিল। এসকে ফিল্মস সংশ্লিষ্টদের থেকে জানা যায়, পূজার সঙ্গে মায়া’র ব্যাপারে কোনো চুক্তিই ছিল না। পূজা নিজে জানানোর বহু আগেই তাকে বাদ দেওয়া হয়েছে।
তারা আরও জানায়, পূজা নিশ্চিত ছিল না তাই জানানোর প্রশ্নই আসে না।








