চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (১৭ জুলাই) শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বন্যায় জেলায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কয়েকটি স্থানে সংস্কারকাজও শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তার সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।







