রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে ও মিডফিল্ডার অরেলিয়ে শুয়ামেনির মধ্যে বুধবার হাতাহাতি হয়। বৃহস্পতিবার আবারও একই বিষয় ঘটেছে, যেজন্য ভালভার্দেকে হাসাপাতালেও যেতে হয়েছিল। দলটির ড্রেসিংরুমে এখন চাপা উত্তেজনা।
স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা’র প্রতিবেদন, ড্রেসিংরুমের ভেতর নতুন ঘটনা ঘটেছে, যা আরও ‘বেশি গুরুতর’। ক্লাব জরুরি মিটিং ডাকতে বাধ্য হয়েছে। এমনকি ব্যবস্থা নেয়ার ব্যাপারেও ভাবতে শুরু করেছে।
ভালভার্দে ও শুয়ামেনির মধ্যে বিবাদের সবশেষ অবস্থাকে ‘খুবই গুরুতর’ বলেছেন ড্রেসিংরুমের কয়েকজন। দুই খেলোয়াড়ের মধ্যে আরেকবার বাগবিতণ্ডা শুরু হলে দলের কয়েকজন সদস্য তাদের থামান। ঘটনার জেরে উরুগুইয়ান মিডফিল্ডারকে হাসপাতালে যেতে হয়েছে চিকিৎসা নিতে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, সকালে শুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন ভালভার্দে। পুরো সেশনজুড়ে এ ঘটনা গুমোট পরিবেশ তৈরি করে। অনুশীলনের পর ড্রেসিংরুমে মারামারিতে পরিস্থিতি আরও খারাপ হয়।
ঘটনার কয়েক মিনিট পর রিয়ালের সিইও হোসে অ্যাঞ্জেল সানচেজের উপস্থিতিতে জরুরি বৈঠক ডাকা হয়। সংকটকালীন বৈঠক চলাকালে কোন খেলোয়াড় ট্রেনিং কমপ্লেক্স ছেড়ে যেতে পারেননি। রোববার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে নামবে তারা।








